বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে বিকাশ কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনার প্রায় দেড় মাস পর গত বুধবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) শ্রীপুর থেকে তার সহযোগী মো. রবিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে মাওনায় ফিরছিলেন বিকাশের তিন কর্মকর্তা। তাদের বহনকারী প্রাইভেটকারটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদের পেটে গুলি করে। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। একই সঙ্গে অন্য দুই কর্মকর্তা ও গাড়িচালককেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এরপর গাড়িতে থাকা তিনটি টাকার বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে গণনা করে ওই দুই বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিল বলে নিশ্চিত হয় পুলিশ।
এ ঘটনায় গুলিবিদ্ধ হন মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদ (৩৫)। আহত হন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত আহমেদ (২০) ও গাড়িচালক লাল মিয়া (২৫)।
পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ডিবির একটি দল ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করে। পরদিন শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন